ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচল ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সারাদেশে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা চলছেই। এবার রেললাইনে আগুন দেওয়ার ঘটনা যোগ হলো।

দুর্বৃত্তদের আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে প্রায় আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সোয়া তিনটার দিকে খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা চলে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

জিলাইভ/টিএসএন