খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই নভেম্বর ২০২৫, ৮:৫২ এএম

হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ে হেমন্ত মৌসুমের শুরুতেই জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় সূর্যের আলো থাকায় কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীতের তীব্রতা বাড়ছে। রাত গভীর হলে কুয়াশা ঝরতে শুরু করে, যা ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি আকারে বিরাজ করছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগের দিন আবহাওয়া অফিস ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল।
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় জেলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। সকাল ও সন্ধ্যায় মানুষকে গরম কাপড় পরতে দেখা যাচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি কষ্ট অনুভব করছেন। গ্রামাঞ্চলে ভোরের দিকে কাজ করতে বের হওয়া কৃষক ও শ্রমজীবী মানুষেরাও শীতের কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, পঞ্চগড়ে শীত নতুন কিছু নয়। প্রতিবছরই হেমন্তের শেষ দিকে এবং শীতের শুরুতে এখানে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। তাদের মতে, কনকনে শীতের প্রকৃত প্রকোপ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে পারে।
জিলাইভ/টিএসএন
মন্তব্য