আজ ১৫ নভেম্বর ২০২৫। গ্রেগরীয় বর্ষপঞ্জির হিসাবে এটি বছরের ৩১৯তম দিন (অধিবর্ষে ৩২০তম)। বছর শেষ হতে বাকি রয়েছে মাত্র ৪৬ দিন। ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। এ দিনে সংঘটিত হয়েছে নানা ঐতিহাসিক ঘটনা, জন্ম নিয়েছেন বহু গুণী ব্যক্তি এবং বিদায় নিয়েছেন বিশ্বখ্যাত মনীষীরা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশেষ দিবস।
ঘটনাবলি:
১৬২১ সালে মোগল সম্রাট জাহাঙ্গীর উত্তর ভারতের কাংড়া দুর্গ দখল করেন। ১৭৯১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৭৯৫ সালে লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়। ১৮৩০ সালে সমাজসংস্কারক রাজা রামমোহন রায় প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ড যাত্রা করেন। ১৮৮৯ সালে ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়। ১৯২০ সালে জেনেভায় লীগ অব নেশন্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে জয়ী হন।
জন্মদিন:
আজ জন্মগ্রহণ করেন নোবেলজয়ী জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল, জার্মান সাহিত্যিক গেরহার্ট হাউপ্টমান, ডেনিশ বিজ্ঞানী আগস্ট ক্রোঘ, ইসলামী চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনী এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাসহ আরও অনেকে।
মৃত্যুদিন:
এই দিনে মৃত্যুবরণ করেন জ্যোতির্বিজ্ঞানী জোহান্নেস কেপলার, নোবেলজয়ী লেখক হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পদার্থবিদ চার্লস টি. আর. উইলসনসহ বহু গুণী ব্যক্তি।
দিবস:
আজ যুক্তরাষ্ট্রে আমেরিকা রিসাইকেল দিবস, আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস, ফিলিস্তিনের স্বাধীনতা দিবস এবং শ্রীলঙ্কার জাতীয় বৃক্ষরোপণ দিবস পালিত হচ্ছে।
জিলাইভ/টিএসএন
