হিরো আলমসহ ৭ প্রার্থী লড়বেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে। ঢাকা-১৭ আসনের আসন্ন উপ-নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ রোববার (২৫ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, কাজেই সাতজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন।
মুনীর হোসাইন বলেন, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে একটি দল থেকে দু’জনকে মনোনয়ন দেয়ায় দুজনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে।গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর আসনটিতে উপ-নির্বাচনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

হিরো আলমসহ ৭ প্রার্থী লড়বেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে
এদের মধ্যে বাছাইয়ে হিরো আলমসহ আট জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিল করলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধতা দেয় নির্বাচন কমিশন।এছাড়া বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধতা পায়। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান এবং গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে)।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো দল থেকে একাধিক প্রার্থীকে একই আসনে মনোনয়নপত্র জমা দিলে সংশ্লিষ্ট দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে। তাই গণতন্ত্রী পার্টির দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ আগামী ২৬ জুন। ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
