হন্ডুরাসে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৭

হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে উড্ডয়নের সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, দমকল বিভাগের মেজর উইলমার গুয়েরেরো জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর ৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানের কাছে এক ক্রু সদস্যের মৃতদেহ পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, প্লেনটিতে ১৭-১৮ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৪০ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গুরুতর আহত অবস্থায় সান পেদ্রো সুলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ল্যানহসা এয়ারলাইন্সের বিমানটি রাতে রোয়াটান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বন্দরের দিকে যাচ্ছিল।

এক জেলে স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমি মাছ ধরছিলাম, তখন মনে হচ্ছিল বিমানটি আমাদের ওপর এসে পড়বে।’

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো দুর্ঘটনায় হতাহতদের সহায়তায় সশস্ত্র বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটিশ-নির্মিত জেটস্ট্রিম ৪১ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।