সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অলৌকিকভাবে বেঁচে গেছেন গ্রামের মাত্র একজন বাসিন্দা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (SLM) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দারফুর অঞ্চলে টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
ভূমিধসে ধ্বংস হওয়া গ্রামটি দারফুর অঞ্চলের মারা মাউন্টেইনসে অবস্থিত। এলাকাটি সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারে এবং জরুরি ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উত্তর দারফুর রাজ্যে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান সংঘাতের কারণে অনেক মানুষ পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল মারা মাউন্টেইনসে। তবে এ এলাকায় আগে থেকেই খাদ্য ও ওষুধের মারাত্মক সংকট বিদ্যমান। ফলে ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
প্রায় দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। লাখ লাখ মানুষ দেশজুড়ে বাস্তুহারা হয়ে পড়েছে। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির নিয়মিত হামলার শিকার হচ্ছে, যা মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
