যেকোনো আগ্রাসনের ‘সুস্পষ্ট ও চূড়ান্ত’ জবাব দেবে তেহরান

ইরান ঘোষণা করেছে যে, তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ‘সুস্পষ্ট ও চূড়ান্ত’ জবাব দেওয়া হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের প্রতি ইরানের সমর্থন নিয়ে তেহরানের বিরুদ্ধে হুমকি প্রদান করেছিলেন, তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা উচ্চারণ করেছে।

গত শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এটি ছিল গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইয়েমেনে প্রথম আমেরিকান হামলা।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং যদি সেই বার্তায় কোনো কাজ না হয়, তবে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গত সোমবার তেহরানে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের বিপরীতে চূড়ান্ত জবাব দেব। এই ব্যাপারে কারো যেন কোনো সন্দেহ না থাকে।”

তিনি আরও বলেন, ইয়েমেনের সরকার ও জনগণের ফিলিস্তিনিদের সমর্থনে নেওয়া পদক্ষেপ সম্পূর্ণ তাদের অধিকার এবং এ বিষয়ে ইরানের কোনো প্রভাব নেই। ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।