রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সংবাদ সম্মেলনে পুতিনও উপস্থিত ছিলেন।
ট্রাম্প জানান, তারা বেশ কিছু বিষয়ে একমত হলেও বড় কিছু বিষয়ে সমঝোতা না হওয়ায় কোনো ধরনের চুক্তি সম্পাদিত হয়নি।
সংবাদ সম্মেলন শেষে ফক্স নিউজের সিন হ্যানিটিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ হলো—
- ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড সমর্পণ করতে হবে
- যুক্তরাষ্ট্রকে দিতে হবে নিরাপত্তা নিশ্চয়তা
হ্যানিটি যখন ভূখণ্ড ছাড়ার বিষয় ও মার্কিন নিরাপত্তা গ্যারান্টি নিয়ে প্রশ্ন তোলেন, ট্রাম্প জবাব দেন: “আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা অনেকটা সম্মত হয়েছি। আসলে, বহু বিষয়ে আমরা একমত হয়েছি। বৈঠকটি ছিল বেশ উষ্ণ।”
ট্রাম্প বৈঠক সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে পুতিনকে “শক্তিশালী ব্যক্তি” ও “কঠোর” নেতা বলে অভিহিত করেন।
ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দেন যে, যুদ্ধ বন্ধে রাশিয়ার দাবিকৃত শর্ত অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তেই হবে। তাঁর ভাষায়: “আমি মনে করি আমরা যুদ্ধের শেষের খুব কাছাকাছি। এবং দেখুন, ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কোনো উপদেশ দিতে চান কি না—এমন প্রশ্নে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন: “যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”
