জিলাইভ [ GLive ] | truth alone triumphs

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও সিরিয়া: ঘোষণা মার্কিন রাষ্ট্রদূতের

ইসরাইল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।

এএফপি’র ওয়াশিংটন সূত্রে জানা যায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শরা এই যুদ্ধবিরতিতে একমত হয়েছেন। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে প্রতিবেশী তুরস্ক ও জর্ডান।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে টম ব্যারাক সিরিয়ার সব পক্ষকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তিনি বিশেষভাবে দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীকে অস্ত্র পরিহার করে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নতুন সিরীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখযোগ্যভাবে, গত বুধবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দফতরসহ কয়েকটি স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরাইল দাবি করে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর তারা দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

জানা যায়, গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ইসলামপন্থি গোষ্ঠীর নেতৃত্বে ক্ষমতাচ্যুত করেন আহমেদ আল-শরা। তারপর থেকেই ইসরাইল সিরিয়াকে দুর্বল করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেক কূটনীতিক ও বিশ্লেষক।

এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্র একটি চুক্তির ঘোষণা দেয়, যার আওতায় সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদা অঞ্চল থেকে সরে যাচ্ছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইসরাইলের সর্বশেষ বিমান হামলাকে সমর্থন করে না, যদিও ইসরাইল তাদের ঘনিষ্ঠ মিত্র এবং কূটনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। দামেস্কে চালানো এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

Recent News