খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই মার্চ ২০২৫, ৪:২ পিএম

মেক্সিকোতে দুটি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং বহু আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন এবং ১২ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াক্সাকা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সান্তো ডোমিঙ্গো নারোর এলাকায় এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে।
মেক্সিকান গণমাধ্যমের তথ্যানুসারে, নিহতদের অধিকাংশই ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন। তারা মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের এক সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে, ডুরাঙ্গো রাজ্যের নাগরিক সুরক্ষা বিভাগের তথ্যমতে, দেশটির উত্তরাঞ্চলে একটি ট্রাক্টর-ট্রেলার ও বাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মাত্র ১০ জন জীবিত উদ্ধার হন।
মেক্সিকোতে দ্রুতগামী যানবাহন, রাস্তার বেহাল অবস্থা এবং চালকদের ক্লান্তির কারণে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। বিভিন্ন সূত্র অনুসারে, প্রতি বছর দেশটিতে প্রায় ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
এর আগে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ক্যাম্পেচে রাজ্যে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
মন্তব্য