নতুন মৌসুম সামনে রেখে স্কোয়াডে আক্রমণাত্মক ধার বাড়ানো এবং স্কোয়াডের ভারসাম্য পোক্ত করতে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডির ওপর নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের তথ্যমতে, অভিজ্ঞ কোচ হোসে মরিনহোরও পূর্ণ সমর্থন রয়েছে রিয়ালের এই দলবদল ভাবনায়।
ক্রীড়া সাংবাদিক গ্রেইম বেইলির এক প্রতিবেদনে উঠে এসেছে, সেন্ট্রাল মিডফিল্ডের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অভিজ্ঞতার ঘাটতি মেটাতে ২৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছে রিয়াল। উল্লেখ্য, গত গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিদাদ থেকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুবিমেন্ডিকে এমিরেটসে উড়িয়ে এনেছিল আর্সেনাল। তখন গানার্স কোচ মিকেল আর্তেতার কৌশলে তাকে দীর্ঘমেয়াদি মূল স্তম্ভ হিসেবেই বিবেচনা করা হচ্ছিল।
তবে সাম্প্রতিক সময়ে সমীকরণ বদলাতে শুরু করেছে। আর্সেনাল মাঝমাঠে ব্রুনো গুইমারেসকে যুক্ত করার ওপর জোড় দেওয়া শুরু করার পর থেকেই জুবিমেন্ডির নিয়মিত শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। ফলে জুবিমেন্ডির এজেন্ট বা প্রতিনিধি দল ফুটবলারের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভিন্ন বিকল্প খুঁজতে শুরু করেছে। এমিরেটসে আসার পর যে ভূমিকা রাখার প্রত্যাশা জুবিমেন্ডির ছিল, একাদশে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ায় তাতে কিছুটা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।
অন্যদিকে, উপযুক্ত আর্থিক অফার পেলে স্প্যানিশ এই মিডফিল্ডারকে বিক্রি করার বিষয়ে আর্সেনাল একদম নাকচ করে দিচ্ছে না। ক্লাবটি তাকে নিজ থেকে ছেড়ে দিতে তাড়াহুড়ো না করলেও লাভজনক প্রস্তাব বিবেচনা করতে আগ্রহী।
ঠিক এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে চায় লস ব্লাঙ্কোসরা। অনেক দিন ধরেই জুবিমেন্ডির বল ড্রিবলিং ও খেলার নিয়ন্ত্রণের ক্ষমতার প্রশংসক ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর শীর্ষ নীতি নির্ধারকরা। তবে চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে ট্রান্সফার ফি। মাত্র এক মৌসুম আগে ৬৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করায় গানার্সরা জুবিমেন্ডিকে সহজে কিংবা কম দামে হাতছাড়া হতে দেবে না। এখন দেখার বিষয়, প্রিমিয়ার লিগে মাত্র এক বছর পার করা এই ফুটবলারকে মাদ্রিদে উড়িয়ে আনতে রিয়াল মাদ্রিদ আর্সেনালের চাওয়া মূল্যের বড় অংকটি মেটাতে কতটা প্রস্তুত থাকে।









