রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। একই সময়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান সোহেল একটি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজনের দায়িত্বে ছিলেন। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের অফিসিয়াল প্যাডে তার নাম সভাপতি আসলামের পাশে ছিল। জিজ্ঞাসাবাদের পর ভোরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পিয়াস এখনও জিজ্ঞাসাবাদে রয়েছে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের রানা জানান, সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এমন সময়ে সোহেল ও পিয়াসকে তুলে নেওয়া সরকারের নিকৃষ্ট কাজ। তিনি দ্রুত পিয়াসকে ছেড়ে দেওয়ার দাবি করেন।
জানা গেছে, সরকার এনইআইআর (NEIR) পদ্ধতি বা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া চালু করতে যাচ্ছিল, যা সাধারণ স্মার্টফোন বিক্রেতাদের অজান্তে করা হচ্ছিল। ব্যবসায়ীরা এই কারণে ব্যবসা হারানোর আশঙ্কায় ছিলেন। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যবসায়ীদের দাবিপত্র তুলে ধরে জনমত গঠনের জন্য সংবাদ সম্মেলন করা হয়। মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকর্মী হিসেবে পরামর্শ দিচ্ছিলেন।
বিনা পরোয়ানা ও মধ্যরাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, ডিবি প্রধান দিনের বেলা ডাকা বা নোটিশ দেওয়ার মাধ্যমে কথা বলতে পারতেন। রাত ১২টার পর বাসা থেকে তুলে নেওয়া পরিস্থিতি ভীতিকর এবং বর্তমান বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নেতারা সসম্মানে সোহেলকে বাসায় ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
জিলাইভ/টিএসএন
