ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতশাসিত কাশ্মীরে হামলার জেরে সৃষ্ট নতুন উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইসলামাবাদ থেকে এএফপি জানিয়েছে, সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, “ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার কারণে পাকিস্তানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমি তা গভীরভাবে অনুধাবন করি এবং দ্রুত শান্তি ফিরবে বলে আশাবাদী।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মালয়েশিয়া সফরটি আসন্ন শুক্রবার হওয়ার কথা ছিল। তবে রোববার রাতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপে সফরটি স্থগিতের সিদ্ধান্ত হয়। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে।

এদিকে, সোমবার ইসলামাবাদ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইদিন পাক-শাসিত কাশ্মীরে সফররত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, “পাকিস্তান তার অবস্থান বন্ধুপ্রতিম দেশগুলোর সামনে স্পষ্টভাবে তুলে ধরছে।”