খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই মে ২০২৫, ৫:৩৬ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে দেশটি।
বুধবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের ঘটনায় এবং এর জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের এই সামরিক অভিযান অনাকাঙ্ক্ষিত এবং এতে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আমরা উদ্বিগ্ন।’
ভারত ও পাকিস্তান দু’টি দেশ পরস্পরের প্রতিবেশী এবং একইসঙ্গে চীনেরও প্রতিবেশী উল্লেখ করে মুখপাত্র বলেন, ‘চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। পাশাপাশি আমরা আশা করি, উভয় দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দায়িত্বশীল আচরণ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষকেই শান্ত থাকা, সংযম দেখানো এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’
মন্তব্য