জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

বোয়িং চুক্তির কথা টেনে ট্রাম্পের ভূয়সী প্রশংসা মার্কিন দূত গোরের

যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছেন তাঁর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মার্কিন অর্থব্যবস্থায় ট্রাম্পের অবদান ও বাণিজ্যিক দূরদর্শিতার কথা তুলে ধরতে গিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের বিশাল চুক্তির বিষয়টি বিশেষভাবে সামনে এনেছেন।

রোববার সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একবার বার্তায় সার্জিও গোর যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। কাকতালীয়ভাবে, এই বার্তা দেওয়ার ঠিক এক মাস আগে অর্থাৎ ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন এই জ্যেষ্ঠ কূটনীতিক। ঢাকা সফরের কিছুদিন পরই তিনি বিশ্বমঞ্চে ট্রাম্পের এই বাণিজ্যিক সাফল্যের বিষয়টি তুলে ধরলেন।

নিজের এক্স হ্যান্ডেলে গোর উল্লেখ করেন, “কর্মসংস্থান সৃষ্টির দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকদের জন্য উচ্চ পারিশ্রমিকের কাজের সুযোগ তৈরি করা, ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।”

বাংলাদেশের সঙ্গে সম্পাদিত উড়োজাহাজ চুক্তির ইতিবাচক প্রভাবের কথা জানিয়ে মার্কিন এই বিশেষ দূত আরও বলেন, “চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাংলাদেশের সরকারপ্রধানের মধ্যে এক অসাধারণ বাণিজ্যিক অগ্রগতি ও সমঝোতা হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ ও ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের শুরুর দিকের ক্রয়াদেশের তুলনায় অনেক বেশি। এর মধ্য দিয়ে আমাদের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে যেমন শক্তিশালী করছেন, তেমনি আমাদের মিত্র দেশগুলোকেও সমৃদ্ধ করে তুলছেন।”

৩৯ বছর বয়সী পেশাদার কূটনীতিক সার্জিও গোর ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে আছেন। মার্কিন রাজনীতি ও প্রশাসনিক স্তরে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা গোর পূর্বে হোয়াইট হাউজের প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক পদে ছিলেন। হোয়াইট হাউজে যোগ দেওয়ার আগে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে ‘উইনিং টিম পাবলিশিং’ প্রতিষ্ঠা করেছিলেন। এর বাইরে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেসেন্টেটিভস, সিনেট এবং একাধিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রাজনৈতিক ও বাণিজ্যিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গোরের সাম্প্রতিক বাংলাদেশ সফরে বোয়িং সংক্রান্ত নতুন কোনো দ্বিপক্ষীয় চুক্তি হয়নি। মূল বাণিজ্য চুক্তিটি সম্পাদিত হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। সেই সময় বাংলাদেশ জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে সর্বমোট ১৪টি সর্বাধুনিক উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করে। ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার এই বিরাট অঙ্কের উড়োজাহাজ কেনাবেচার চুক্তিটিকেই সার্জিও গোর ট্রাম্পের সফল অর্থনৈতিক নীতি ও আন্তর্জাতিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন।

Tags :

মোঃ সাকিব হোসেন | উপ-সম্পাদক । জিলাইভ বাংলা

সর্বশেষ খবর