বিদেশে গিয়ে প্রটোকল না পাওয়ায় এমন সিদ্ধান্ত সরকারের : ফখরুল । কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে এক ঘরে করে দেবে। সরকার শংকিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।
বিদেশে গিয়ে প্রটোকল না পাওয়ায় এমন সিদ্ধান্ত সরকারের : ফখরুল
তিনি আরো বলেন, দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহারের বিষয়টি সংকট সৃষ্টি করবে। এমনকি এতে করে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এটা সুখকর কিছু বয়ে আনবে না।
এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসব কর্মসূচির মধ্যে আছে- ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠসহ বইমেলা প্রদর্শনী প্রভৃতি।
এসময় বিএনপির অঙ্গসংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। সংসদ থেকে বিএনপির সাংসদদের পদত্যাগের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল ছিল এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিলো। আর নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ কি করবে এটা নিয়ে ভাবছে না বিএনপি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।