খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই এপ্রিল ২০২৩, ১১:৪৩ এএম

বঙ্গবাজার এলাকা আতঙ্কের জনপদে পরিনত হয়েছে, রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে দ্রুত আশপাশের বহুতল ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।
ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভয়াবহতা কমাতে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস, বিমান ও সেনা বাহিনীর সদস্যরা। তবে বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি আনা হচ্ছে।
এদিকে আগুন আতঙ্কে এনেক্স মার্কেট থেকে মালামাল সরিয়ে নেয়ার কাজ করছিলেন ব্যবসায়ীরা। আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা দোকানের স্টাফদের নিয়ে মালমাল সরানোর চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়া অন্ধকার হয়ে যাওয়ায় মালামাল সরাতে বেগ পেতে হচ্ছে তাদের। এরইমধ্যে সেখানেও ছড়িয়ে পড়েছে আগুন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫ তলা বিশিষ্ট এনেক্স মার্কেট অনেক কাপড়ের দোকান ও’ গোডাউন রয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এ ভবনের সবখানে যেন আগুন ছড়িয়ে না পড়ে সে জন্য। ব্যবসায়ীদের দ্রুত মালামাল সরিয়ে নিতে সহযোগিতা করা হচ্ছে। তবে পুরো ভবনে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়ায় মালমাল সরাতে বেগ পেতে হচ্ছে।

এদিকে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঢাকা ও এর আশপাশের ফায়ার সার্ভিসের সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সকাল সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
মন্তব্য