পুতিন জি-২০ সম্মেলনে ভিডিও বার্তাও দেবেন না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছিলেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০-এর এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না বলে। তবে বৃহস্পতিবার জানা গেছে তিনি এই সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না।
পুতিন জি-২০ সম্মেলনে ভিডিও বার্তাও দেবেন না
এ বছরের জি-২০-এর শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে পুতিন কোনো ভিডিও বার্তা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এমন কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে। তিনি এখন প্রতিবেশিদেশ বাংলাদেশ সফরে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই ল্যাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য ব্রিকস সম্মেলনে না গেলেও তখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন পুতিন। ওই বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।
