সিয়াটল সূত্রে জানা গেছে, গত দশ বছরে কেপপ ধীরে ধীরে বৈশ্বিক সংগীতজগতে শক্ত অবস্থান তৈরি করেছে। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক এবং টোয়াইসের মতো দলগুলো এই জনপ্রিয়তাকে প্রসারিত করলেও, আন্তর্জাতিক অঙ্গনে কোরিয়ান পপকে প্রথমবার ব্যাপকভাবে পরিচিত করে তুলেছিলেন গায়ক সাই। ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ প্রকাশের পর তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন পি নেশন, যা শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে গড়ে ওঠা একটি বহুল আলোচিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়।
তবে এত সাফল্যের মাঝেও পি নেশনের নিজস্ব কোনো গার্লগ্রুপ ছিল না। সেই শূন্যস্থান পূরণ হয় এ বছরের এপ্রিল মাসে, যখন তারা চার সদস্যের গার্লগ্রুপ ‘বেবি ডোন্ট ক্রাই’-কে আনুষ্ঠানিকভাবে অভিষেক করায়। সাই-এর তত্ত্বাবধানে দলটি নিজেদের প্রশিক্ষণ ও শিল্পীসত্তা বিকাশের সুযোগ পেয়েছে। দলের নেতা ইয়িহিউন জানান, তাদের সিইও সবসময়ই ব্যক্তিত্ব, আত্মপ্রকাশ এবং মঞ্চে আনন্দ নিয়ে পারফর্ম করার ওপর জোর দিয়েছেন।
গ্রুপটির প্রথম গান ‘এফ গার্ল’ প্রকাশের চার দিনের মধ্যেই ইউটিউবে ২ কোটি ভিউ অতিক্রম করে এবং বর্তমানে তা প্রায় ২ কোটি ৮০ লাখ ভিউ স্পর্শ করেছে। ইয়িহিউন বলেন, গানটির সুর ও স্টাইল প্রথমবার শুনেই তারা বুঝেছিলেন—এটি তাদের শক্তিশালী ও আত্মবিশ্বাসী পরিচয় দেখানোর জন্য উপযুক্ত।
অভিষেকের পর দলটি তাদের প্রথম কামব্যাক গান ‘আই ডোন্ট কেয়ার’ প্রকাশ করেছে, যা নিজের স্বপ্নের দিকে অটলভাবে এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে। সদস্য মিয়া জানান, তারা চান ভক্তরা তাদের স্বাধীনতা, আন্দোলন ও তারুণ্যের উচ্ছ্বাস এই গানের মাধ্যমে অনুভব করুক। গানটি ১৯ নভেম্বর প্রকাশিত হয় এবং এতে পপ ঘরানার সঙ্গে হালকা রক উপাদান যুক্ত হয়েছে।
দলের সদস্যদের বয়স ১৭ থেকে ১৯ বছর হওয়ায় তাদের উচ্ছ্বাস, সাহস এবং সৃজনশীলতা সঙ্গীতে স্পষ্ট হয়ে ওঠে। সদস্য বেনি বলেন, ‘আই ডোন্ট কেয়ার’ তাদের সততা, আত্মবিশ্বাস এবং নিজের নীতিতে অবিচল থাকার প্রতীক। জাপানি সদস্য কুমি জানান, বিশেষ করে গানটির মূল অংশগুলো তাকে অনুপ্রেরণা দেয়, যেন তিনি নিজেকেই সাহস যোগাচ্ছেন।
অভিষেকের কম সময়ের মধ্যেই দলের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা বেড়েছে। বেনি বলেন, আগে তিনি সমালোচনা বা মতামত নিয়ে চিন্তিত থাকতেন, তবে নিয়মিত স্টেজ পারফরম্যান্স তাকে বুঝিয়েছে—মুহূর্তটিকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‘আই ডোন্ট কেয়ার’-এর মিউজিক ভিডিও দুই সপ্তাহে ১ কোটি ৪০ লাখ ভিউ অতিক্রম করেছে, যা নবাগত কোনো দলের জন্য উল্লেখযোগ্য মাইলফলক। ইয়িহিউন ভক্ত ‘চেরিস’দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তাদের সমর্থনই দলটিকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে।
