ভারত সীমান্তে নতুন সামরিক ঘাঁটি স্থাপন

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারত দ্রুতগতিতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন সেনা স্টেশন স্থাপন করা হচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সৈন্যদের পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। এছাড়া তিনি আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে সেনা ও বেসামরিক সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

এ সময় তিওয়ারি স্থানীয় এমএলএ ও নাগরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে যৌথ উদ্যোগের গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসামে লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা স্থানীয় ঐতিহ্যকে পুনর্জাগ্রত করার পাশাপাশি সাহস ও নেতৃত্বের প্রতীক হিসেবে কাজ করবে।

নতুন ঘাঁটি অঞ্চলের সেনা সক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিদর্শনকালে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি, সৈন্যদের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কর্মকর্তারা সীমান্ত অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত এলাকায় নতুন ঘাঁটি স্থাপন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের গুরুত্বারোপের প্রতিফলন। স্থানীয় জনগণ ও প্রশাসন এই উদ্যোগকে সীমান্ত নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন।

টিএসএন