নৃশংস হত্যার দায়ে টেক্সাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ২০ বছর আগে এক তরুণী মাকে নির্মমভাবে হত্যার দায়ে মোয়েসেস স্যান্ডোভাল মেন্ডোজা নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার হান্টসভিল শহরের একটি রাষ্ট্রীয় কারাগারে তার দণ্ড কার্যকর হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে এটি ১৩তম মৃত্যুদণ্ড কার্যকর।

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতিতে জানান, ২০০৪ সালের মার্চ মাসে ২০ বছর বয়সী র‌্যাচেল ও’নিল টোলেসনকে যৌন নির্যাতনের পর হত্যা করে তার মরদেহ খাদে ফেলে আগুন ধরিয়ে দেন মেন্ডোজা। কয়েক দিন পর ওই তরুণীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত টোলেসন ছিলেন পাঁচ মাস বয়সী এক শিশুর মা। তিনি হত্যাকারী মেন্ডোজাকে হাইস্কুল জীবন থেকেই চিনতেন।

মেন্ডোজা তার মৃত্যুদণ্ড স্থগিতের জন্য মার্কিন সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে আবেদন করলেও সব আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে বুধবার দণ্ড কার্যকর করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল হয়েছে। আরও তিনটি রাজ্য—ক্যালিফোর্নিয়া, ওরেগন ও পেনসিলভানিয়ায় মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। দায়িত্বগ্রহণের শুরুতেই তিনি ‘নিকৃষ্টতম অপরাধের’ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন মৃত্যুদণ্ড কার্যকরকে সমর্থন জানিয়ে বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আমি আমার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করব।’