জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়ায় আত্মহত্যা করা এক গৃহবধূর মরদেহের চরম অবমাননা ও বিকৃত আচরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাঁকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। মানবতাহীন ও চরম বিকৃত মানসিকতার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আটক অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার বাসিন্দা মৃত কামরুল শেখের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতাল এলাকায় নিজস্ব অ্যাম্বুলেন্স চালিয়ে আসছিলেন।

ঘটনার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামে এক গৃহবধূ নিজের বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষ করতে মরদেহটি রাতের বেলায় একটি অ্যাম্বুলেন্সে এনে রাখা হয়েছিল।

মৃত গৃহবধূর স্বজনদের অভিযোগ, শনিবার গভীর রাতে সুযোগ বুঝে চালক সাগর শেখ অ্যাম্বুলেন্সের ভেতরে ঢোকেন। বাইরে থেকে যেন কিছু দেখা না যায়, সে উদ্দেশ্যে তিনি গাড়ির কাচের জানালাগুলো গামছা দিয়ে ঢেকে দেন। এরপর তিনি মৃত সাদিয়ার মরদেহের ওপর অনৈতিক ও বিকৃত কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। ওই সময় সাদিয়ার মা দুর্ঘটনাবশত অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে পড়ে যান এবং পুরো দৃশ্যটি নিজের চোখে দেখে হাতেনাতে ধরে ফেলে বিকট চিৎকার শুরু করেন।

পরদিন রোববার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চালক সাগর শেখকে দেখতে পেয়ে চিনে ফেলেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিড় জমে যায় এবং বিক্ষুব্ধ জনতা তাঁকে বেধড়ক গণধোলাই দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লোহাগড়া থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালক সাগরকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

শোকে পাথর মৃত সাদিয়ার মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়ে হারানোর কষ্ট সইতে পারছি না, তার ওপর গাড়ির জানালা গামছা দিয়ে ঢেকে এই লোকটা আমার মৃত মেয়ের শরীরের কাপড় খুলে জঘন্য কাজ করার চেষ্টা করছিল। আমি নিজ চোখে হাতেনাতে ধরে ফেলি। সরকারের কাছে আমার একটাই দাবি, এই বিকৃত মানসিকতার চালকের যেন কঠোর শাস্তি হয়।”

ঘটনাটির বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ও সহায়তায় অভিযুক্ত সাগর শেখকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো ঘটনা তদন্ত করছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags :

মোঃ সাকিব হোসেন | উপ-সম্পাদক । GLive24.com

সর্বশেষ খবর