দেশের একজন মানুষও না খেয়ে নেই: খাদ্যমন্ত্রী। ‘এক সময়কার ক্ষুধা-দরিদ্রতা ও মঙ্গাপীড়িত বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
দেশের একজন মানুষও না খেয়ে নেই: খাদ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, ‘বাজারে চাল, ডাল, আটা কোনো খাদ্য সামগ্রীর ঘাটতি নেই। ২০০৮ সালের সঙ্গে ২০২৩ সালের তুলনা করলেই বোঝা যায়, দেশের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। সরকার জনগণের স্বার্থে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার বিতরণ করে যাচ্ছে। এ সবই প্রধানমন্ত্রীর চিন্তা ও সাধনার ফল।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অভিশপ্ত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ করার পরে দেশ কিছুটা হলেও অভিশাপমুক্ত হয়েছে। কাজের মধ্যে সততা, নিষ্ঠা ও সৎ উদ্দেশ্য যদি থাকে তাহলে সামনে এগিয়ে যেতে কোনো কিছুই আটকে রাখতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সততা, নিষ্ঠা ও সৎ উদ্দেশ্য আছে বলেই দেশ আজ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা বলেছিল করোনাভাইরাসে দেশে লোকজন তো মারা যাবেই, সেই সঙ্গে না খেয়ে কমপক্ষে দুইলাখ লোক মারা যাবে। কিন্তু একজন লোকও না খেয়ে মারা যাননি। মিথ্যাচার করা যাদের স্বভাব, তারা সবসময়ই মিথ্যাচার করবে।’