টেনিস তারকা থেকে হবু কনে: ভেনাস উইলিয়ামসের প্রেম, প্রস্তাব ও নতুন শুরু

দীর্ঘ ক্যারিয়ারে কোর্টে শক্তির প্রতীক হয়ে উঠেছেন ভেনাস উইলিয়ামস। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময়ই ছিলেন নিভৃতচারী। অবশেষে সেই নীরবতা ভেঙে প্রকাশ করলেন জীবনের সবচেয়ে বড় সুখবর—৮ বছরের ছোট প্রেমিক আন্দ্রেয়া প্রেটির সঙ্গে তাঁর বাগ্‌দানের সংবাদ।

২০২৪ সালের জুলাইয়ে দুজনের সম্পর্ক প্রকাশ্যে আসে। ইতালির অ্যামালফি কোস্টে নৌভ্রমণের সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন তাঁরা। তাতেই শুরু হয় আলোচনা। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রোমে ভেনাসের হাতে আংটি দেখে বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জুলাই পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা। অবশেষে টুর্নামেন্টে জয়ের পর ভেনাস সবার সামনে বলেন, ‘আমার বাগ্‌দত্তাই আমাকে অনুপ্রাণিত করেন।’

২ ডিসেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ছবিতে দুজনকে দেখা যায় রোমান্টিক মুহূর্তে। ছবিই নিশ্চিত করে তাঁদের বাগ্‌দানের বিষয়। ৩৭ বছর বয়সী আন্দ্রেয়া প্রেটি ইতিমধ্যেই ইউরোপীয় বিনোদন দুনিয়ায় পরিচিত মুখ—তিনি অভিনেতা, মডেল ও প্রযোজক। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেন।

ভেনাসের প্রেমজীবনের ইতিহাস বেশ দীর্ঘ। গলফার হাঙ্ক কিউনি, কিউবান মডেল ইলিও পিস, ব্যবসায়ী নিকোলাস হ্যামন্ড—সবাই ছিলেন ভেনাসের জীবনের অংশ। তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। ২০২২ সালে তিনি ঘোষণা করেছিলেন যে দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গেল এবং “একাকিত্বের সৌন্দর্য” উপভোগ করছেন। কিন্তু সেই বক্তব্যের প্রায় তিন বছর পরই নতুন জীবনের পথে পা রাখলেন তিনি।

বড় বোনের বিয়ে উপলক্ষে আয়োজনের দায়িত্ব নিয়েছেন সেরেনা উইলিয়ামস। অতিথি তালিকা, ব্রাইডাল লুক, মেকআপ, পোশাক—সবকিছুতেই সেরেনা যুক্ত। পরিবারটির ঘনিষ্ঠ সূত্র জানায়, জানুয়ারিতেই ইতালিতে হতে পারে বিয়ে।

ভক্তদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো—ভেনাস প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করলেন। যা তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। অনলাইনে শুভেচ্ছার ঢল নেমেছে। বিশ্ব টেনিসের অন্যতম প্রভাবশালী এই তারকা এবার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পথে এগোচ্ছেন—ব্যক্তিগত সুখের ম্যাচে।