মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা। রাজধানীতে চলমান মশা নিধন অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে যান। সেখানে এডিস মশার লার্ভা পাওয়ায় গার্ডেন সিটির কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।হাউজিং এর কয়েকটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ার পর আতিকুল ইসলাম বলেন, ‘জাপান গার্ডেন এখন মশার গার্ডেন। এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।’ অভিযানের শুরুতে জাপান গার্ডেন সিটির ১ নম্বর ভবনের বেজমেন্টে যান মেয়র আতিক। সেখানে একটি জায়গায় স্তূপ করা ময়লা, ডাবের খোসা এবং পানি জমে থাকতে দেখা যায়।

মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা
এ সময় মেয়র আতিক বলেন, ‘কাউকে না বলে আমি আজ জাপান গার্ডেন সিটিতে ঢুকলাম। আমরা সবাই জানি এখানে সুন্দর ম্যানেজমেন্ট হয়, ইলেকশন হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সার্ভিস চার্জও নেওয়া হয়। প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার, সব কিছু আছে। সেই জাপান গার্ডেন সিটির নিচে মশার চাষ হচ্ছে দেখে আমি সবাইকে নিয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। এটি অবিশ্বাসযোগ্য!’
তিনি বলেন, ‘আমরা কল সেন্টার করেছি। আগামী সোমবার থেকে আমরা চেষ্টা করব প্রত্যেককে ফোন করতে যে, আপনারা আপনাদের বাড়ির আশে পাশের এলাকা, আঙ্গিনা পরিষ্কার করে ফেলুন। এসব বাসায় অবহেলার জন্য আজকে যদি মৃত্যু ঘটে, অবশ্যই তাকে সেই দায়িত্ব নিতে হবে।’

জাপান গার্ডেন সিটির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম জরিমানা দিতে অস্বীকৃতি জানান। পরে আদাবর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫৪টি ওয়ার্ডে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালাচ্ছে। ৩১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।