খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই মে ২০২৩, ৮:২৬ এএম

জমি লিখে না দেয়ায় শ্বশুর-শ্বাশুড়িকে কুপিয়ে জখম। বাউফলে শ্বশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে মেয়ে জামাতার বিরুদ্ধে। রোববার (১৫ মে) রাতে বাউফল সদর ইউনিয়নের নকুলের হাট সংলগ্ন মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, রোববার রাতে ওই বাড়ির হীরালাল মিস্ত্রী (৬৫) ও তার স্ত্রী কিরন বালা (৬০) নিজ বাসায় টিভি দেখছিলেন। এ সময় হঠাৎ করে তাদের মেয়ের জামাতা ফনি ভূষণ (৩৫) ছুরি নিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে দুই জনকে জখম করেন।

তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে জামাতা ফনি ভূষনকে আটক করে বাউফল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফনি ভূষনকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হীরালালের মেয়ে শিল্পী রানী বলেন, সম্প্রতি আমার বাবা আমাকে স্থানীয় মাপের ৮ কড়া জমি লিখে দেন। ওই জমি আমার স্বামী ফনি ভূষণ তার নামে লিখে দেয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করেন। বাবা এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ফনিভূষণ তাদের কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফনি ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য