খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই আগস্ট ২০২৩, ৬:০ পিএম

নড়াইলে ঘরজামাই থাকতে না চাওয়ায় যুবককে নির্যাতনের’ অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন- সদর উপজেলার গোপালপুর গ্রামের আলতাফ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৩)।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে পার্শ্ববর্তী ফুলশ্বর গ্রামের লিকটন মোল্যার মেয়ে তাহমিনার সঙ্গে আকাশের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর তাকে নিজের বাড়িতে রেখে জমিজমার কাজসহ গৃহস্থালির সব কাজ করিয়ে আসছিলেন। পরে আকাশ বিষয়টি বুঝতে পেরে স্ত্রী তাহমিনাকে নিয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করেন। কিন্তু শ্বশুরের বাধার মুখে ব্যর্থ হন।

একপর্যায়ে শনিবার (১৯ আগস্ট) আকাশ স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি আসতে চাইলে শ্বশুরবাড়ির সদস্যদের বাধার মুখে পড়েন। ওই সময় তারা আকাশকে আটকে হাত-পা বেঁধে’ বিলে ফেলে নির্যাতন করেন।একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে সেখানে ফেলে রেখে চলে আসেন তারা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
আকাশের মা ময়না বেগম অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে ওই বিলে পড়ে থাকার একপর্যায়ে এক পথচারী গোঙানির শব্দ শুনে আমার ছেলেকে উদ্ধার করে। ঘরজামাই থাকতে না চাওয়ায় আমার ছেলের হাত-পা বেঁধে বিলে ফেলে দিয়েছিল তার শ্বশুর।

তবে এ বিষয়ে আকাশের শ্বশুরবাড়ির বক্তব্য পাওয়া যায়নি। রোববার (২০ আগস্ট) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য