হানিওয়েল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিক বিক্ষোভ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা বিক্ষোভে নামেন। খবর লেখা পর্যন্ত দুপুর ১টা ৩০ মিনিটে বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গতকাল সোমবার শ্রমিকেরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করেন এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানায় বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে রপ্তানিমুখী উৎপাদন ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়ে। কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও তা মানা হয়নি। নোটিশে শ্রমিকদের এই কার্যক্রমকে অবৈধ ধর্মঘট হিসেবে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এই সময়ে শ্রমিকদের শান্ত থাকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে সকালে শ্রমিকেরা কারখানার গেট এলাকায় এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা মিতালি ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, অনেক যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় এবং চালকদের সঙ্গে শ্রমিকদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ–২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে আছে।


জিলাইভ/টিএসএন