খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট খুব জরুরি, দেশে সম্ভব নয়: ডা. জাহিদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে মেডিকেল বোর্ড আবারও পরামর্শ দিয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান। তার সঙ্গে এমন অমানবিক আচরণ ঠিক না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট খুব জরুরি, দেশে সম্ভব নয়: ডা. জাহিদ
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, কোন প্রিজনারকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। কিন্তু কারাবন্দী অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অজস্র নজির রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দী থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে, তাকে বিদেশে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা দেওয়ার জন্য। তার এখন মূলত লিভার ট্রান্সপ্লান্ট জরুরি। এটা জরুরি ভাবে করা না হলে তার অবস্থার আরো অবনতির আশঙ্কা রয়েছে। লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া জরুরি। অ্যাডভ্যান্স ট্রিটমেন্ট নিতে হবে দীর্ঘ মেয়াদে যা এই দেশে কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, লিভার সিরোসিস থেকেই তার শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে এসেছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। এ কারণে শরীরে প্রোটিন কমে যাচ্ছে। শরীরে অন্য প্যারামিটারের জটিলতাগুলো বাড়ছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে তার পরিবারে উদ্বেগ বাড়ছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে তার ভাই শামীম এস্কান্দার আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আবেদনে খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার বলেছেন, স্থায়ী জামিন দেওয়ার কোনো সুযোগ নেই।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৮ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।