জিলাইভ২৪ গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয়ঃ সীতাকুণ্ডে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ, পাট উৎপাদনে এখন শীর্ষে বাংলাদেশ, ব্রিটিশ প্রতিমন্ত্রী তিনদিনের সফরে ঢাকা আসছেন , পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের, ৪ মাসে ৫ সিটি নির্বাচন করবে ইসি, স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে জানালেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন, পাটখাত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে , রোহিঙ্গা শিবিরে সংকট বাড়ার শঙ্কা, সীতাকুণ্ডে বিস্ফোরণে ঘাটতি কি তদারকি ও নিরাপত্তায় ?, পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার ভাবনা নেই, জানালেন ওবায়দুল কাদের
সীতাকুণ্ডে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ | সারা সপ্তাহের খবর
সীতাকুণ্ডে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে বিস্ফোরক অধিদপ্তর। ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণে বিস্ফোরণ হয়নি।
বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। জেলা প্রশাসনের তদন্ত টিমও মনে করে, এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
এদিকে, বিস্ফোরণে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
পাট উৎপাদনে এখন শীর্ষে বাংলাদেশ
ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। ভারতের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ শীর্ষস্থান দখল করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পাটসহ বেশ কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ কখনও ভারতে টপকাতে পারেনি। কিন্তু গত কয়েক বছরে ভারতের পাটের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যায়।
২০২০-২১ অর্থবছরে ভারতে পাটের উৎপাদন ৯ লাখ ৮০ হাজার টন। আর বাংলাদেশের উৎপাদন ছিল ১৪ লাখ ৮ হাজার টন। এর মাধ্যমে ভারতকে টপকে যায় বাংলাদেশ।
ব্রিটিশ প্রতিমন্ত্রী তিনদিনের সফরে ঢাকা আসছেন
আগামী ১০ মার্চ তিনদিনের সফরে ঢাকা আসছেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক বৃটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। নেপাল হয়ে বাংলাদেশে আসছেন তিনি।
গেল বছর অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) অফিসে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সাউথ এশিয়ায় এটাই হবে তার প্রথম সফর।
পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের
পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের , শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। জানা গেছে, হায়দরাবাদে তার আগামী সিনেমা ‘প্রজেক্ট কে’র শুটিং করছিলেন।
শুটিং করতে গিয়ে দুর্ঘটনার তার পাঁজরের ‘কার্টিলেজ ভেঙে গেছে।অভিনেতার টুইটার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
আঘাত পাওয়া খবর জানিয়েছেন অমিতাভ বচ্চন এক টুইটে, যেখানে তিনি লেখেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কের শুটিং চলাকালীন আঘাত পেয়েছি। ডানদিকের বুকের পাঁজরের মাংস পেশি ছিঁড়ে গেছে।
পাঁজরের ‘কার্টিলেজ ভেঙেছে। শুটিং ক্যানসেল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি। আপাতত বাড়ি ফিরে এসেছি।’
৪ মাসে ৫ সিটি নির্বাচন করবে ইসি
৪ মাসে ৫ সিটি নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে জুনে দুইটি শেষ করবে আর বাকি তিনটি সিটি করপোরেশনের ভোট সেপ্টেম্বরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসব সিটি করপোরেশনের মধ্যে রয়েছে- গাজীপুর, বরিশাল, সিলেট, খুলনা ও রাজশাহী।
স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অবশ্যই অর্থবহ হতে হবে, যাতে কোনো চ্যালেঞ্জ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে এসব দেশের অগ্রগতি ব্যাহত করতে না পারে।
কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘সাসটেইনেবল এন্ড স্মুথ ট্রান্সলেশন ফর দ্য গ্র্যাজুয়েটিং কোহোর্ট অব ২০২১’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা এলডিসি গ্রাজুয়েটেড দেশগুলো নিশ্চিত করতে চাই, কোনো চ্যালেঞ্জ যেন আমাদের গ্রাজুয়েটিংয়ের গতিকে আরও কমিয়ে দিতে না পারে।’
প্রধানমন্ত্রী বলেন, পাটখাত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাটখাত দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘সোনালি আঁশ পাট বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটখাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম ক্ষেত্র।
বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে স্বীকৃত শ্রমঘন পাটখাত দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

রোহিঙ্গা শিবিরে সংকট বাড়ার শঙ্কা
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে (ক্যাম্প) নিবন্ধিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের জন্য খাদ্যসহায়তা মাথাপিছু প্রায় ১৭ শতাংশ কমিয়ে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। দুই বছরের বেশি বয়সী শিশুদের পুষ্টিসহায়তাও কিছুটা কমেছে।
তহবিলসংকটের কারণে সামনের দিনগুলোতে সুযোগ-সুবিধা আরও কমে যাওয়ার আশঙ্কা আছে। বিষয়টি রোহিঙ্গাদের কপালে নতুন করে দুশ্চিন্তার ছাপ ফেলেছে।
সীতাকুণ্ডে বিস্ফোরণে ঘাটতি কি তদারকি ও নিরাপত্তায় ?
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের পর সরকারি সংস্থাগুলোর তদারকিতে ঘাটতি থাকার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
কারখানাটির বিস্ফোরক লাইসেন্স হালনাগাদ রয়েছে কি না, সেটি বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও জানাতে পারেনি বিস্ফোরক অধিদপ্তর। এ ছাড়া কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মালিকপক্ষের গাফিলতি ছিল বলে মনে করছে চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার ভাবনা নেই, জানালেন ওবায়দুল কাদের
আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।
আরও দেখুনঃ

