ওয়াশিংটন-কারাকাস উত্তেজনা: মাদুরোর ওপর চাপ আরও বাড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছেন। গত শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার আকাশসীমা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ‘সম্পূর্ণ বন্ধ’ হিসেবে বিবেচিত হবে। এটি কারাকাসের তীব্র প্রতিবাদে মুখোমুখি হয়েছে। ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং স্পষ্ট জানিয়েছেন যে, তারা কোনো বিদেশি হুমকি বা নির্দেশ মেনে নেবে না।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সকল উড়োজাহাজ সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের সতর্ক করে বলেছেন যে, ভেনেজুয়েলার ওপরের এবং চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করতে হবে। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে মাদক পাচারের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করছে, যদিও বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এটি মাদুরোর অবৈধভাবে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা হিসেবে ব্যবহৃত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালাচ্ছে, পাশাপাশি সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প গোপন সিআইএ অভিযান ও সম্ভাব্য স্থল অভিযান অনুমোদন দিয়েছেন। তিনি সামরিক বাহিনীর সদস্যদের জানিয়েছেন, খুব শিগ্রিই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করতে পারে।

মাদুরো, যিনি ২০১৩ সাল থেকে ক্ষমতায় আছেন, অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ট্রাম্প তাঁর সরকারকে উৎখাত করতে চাইছেন। তিনি জানিয়েছিলেন যে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এই হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

গত আগস্টে যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারে সহায়ক তথ্য দেওয়ার বিনিময়ে পাঁচ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে, যা পূর্বের পুরস্কারের দ্বিগুণ। চলতি সপ্তাহে ‘কার্টেল দে লস সোলেস’কে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও ট্রাম্প মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়ে আলোচনা করেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র রূপ ধারণ করেছে।