ওবায়দুল কাদেরের বক্তব্য হত্যার হুমকি: মির্জা আব্বাস।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ইউরেনিয়াম কত প্রকার ও কী কী সেটি কি আপনি জানেন? এই সম্বন্ধে আপনার কি কোনো জ্ঞান আছে? অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা। একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ।
তিনি বলেন, ইউরেনিয়াম যদি কারো মাথায় দিয়ে দেওয়া হয়, তাহলে এর যে তেজস্ক্রিয়তা তাতে মানুষ মারা যেতে পারে। তাহলে কি আপনি হুমকির আসামি হলেন না? আপনি মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে হত্যার হুমকি দিয়েছেন। আর এটাই পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে দিতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আপনি হত্যার হুমকি দিয়েছেন।
ওবায়দুল কাদেরের বক্তব্য হত্যার হুমকি: মির্জা আব্বাস
মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। স্মরণ সভাটির আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে সোমবার (৯ অক্টোবর) রাজধানীতে এক সমাবেশে ইউরেনিয়াম ঢেলে বিএনপির কয়েকজন নেতার মাথা ঠান্ডা করার কথা বলেন ওবায়দুল কাদের।

মির্জা আব্বাস আরো বলেন, জাতির আদালতে এর বিচারটা রেখে গেলাম। এবং আইনের আদালতে ইনশাল্লাহ এর ব্যবস্থা নেব। এটাকে আমরা ছাড় দেব না। টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবেন এমন কথা কি আমরা ভুলে গেছি? আবার বলছেন মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবেন। এটা আপনারা (আওয়ামী লীগ) কী শুরু করছেন?
বিএনপির এই নেতা বলেন, আমি একটি বিষয় বুঝি না যে, তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে এদের সমস্যাটা কী? আমরা কী ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দেইনি। তাহলে তারা কেন যেতে চাচ্ছেন না। কারণ উনারা জানেন বাংলাদেশের জনগণ উনাদের আর পছন্দ করে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের প্রায় ৪০ লাখ নেতার বিরুদ্ধে মামলা আছে। কিন্তু আমি জানি জেলখানায় ৮০ হাজার থেকে ১ লাখ লোকের জায়গা দেওয়া সম্ভব। তাহলে আমার ভাইদের সবাইকে যখন সরকার জেলে নেবে, তখন যারা বাইরে থাকবেন আপনারা আন্দোলন করে সরকারকে তছনছ করে দেবেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য সিনিয়র নেতারা।