বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই, বরং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কিছু ছবি তৈরি করে লকডাউন পালন করছে। তিনি দাবি করেন, কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকা দিয়ে ভোররাতে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন লাগানোর ছবি তুলে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে আয়োজন করা হয়।
এ্যানি বলেন, “১৯৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা কেন পালিয়ে যেতে হবে? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এখন তিনি রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তাহলে পালাতে হলো কেন? তিনি রাজনীতি করেননি, অন্যদেরও রাজনীতি করতে দেননি। আমাদেরও রাজনীতি করতে দেননি। এই কারণেই বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন তো তিনি নিজেই পালিয়েছেন। পালানোর আগে নিজের আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, কিন্তু তিনিই পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হাসিনার শাসনামলে অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালিয়েছে। তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।”
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।
