ইরান থেকে ৬০০’র বেশি বিদেশি আশ্রয় নিয়েছে আজারবাইজানে: বাকু

ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পর ইরান থেকে অন্তত ১৭টি দেশের ছয়শ’রও বেশি নাগরিক প্রতিবেশী আজারবাইজানে পালিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বাকু থেকে এক সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরাইল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে এসব বিদেশি নাগরিক সীমান্তবর্তী আস্তারা চেকপয়েন্ট পেরিয়ে কাস্পিয়ান সাগরের উপকূল দিয়ে আজারবাইজানে প্রবেশ করেছেন। এরপর তাদের বাকু আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

পালিয়ে আসা এই বিদেশিদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

আজারবাইজান সরকার জানায়, কোভিড-১৯ মহামারির সময় থেকে বন্ধ থাকা স্থলসীমান্ত এবার সাময়িকভাবে উন্মুক্ত করা হয়েছে, যাতে ইরান ছাড়তে ইচ্ছুক বিদেশিরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন।

অন্যদিকে, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের জন্য পরিচিত তুর্কমেনিস্তান জানায়, ইরান থেকে আসা প্রায় ১২০ জন ব্যক্তিকে তাদের ভূখণ্ড ব্যবহার করে মধ্য এশিয়ার অন্যান্য দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসরাইল গত শুক্রবার থেকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে। তেল আবিবের দাবি, এ অভিযানের লক্ষ্য তেহরানকে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা থেকে বিরত রাখা। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

সরকারি হিসাবে, এ হামলায় এখন পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইলের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে, যাতে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর।