যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে বুধবার ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে (২০৩৭ জিএমটি) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহরের দক্ষিণে ৫৪ মাইল (প্রায় ৮৭ কিলোমিটার) দূরে, এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১২.৫ মাইল—যা ভূমিকম্পের জন্য অগভীর হিসেবেই ধরা হয়।
ভূমিকম্পের পর দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে এই সতর্কতা ‘সুনামি পরামর্শ’-এ রূপান্তর করে শেষ পর্যন্ত তা পুরোপুরি বাতিল করে ন্যাশনাল সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডাব্লিউসি)। কেন্দ্রটির ভাষ্য, “আলাস্কার উপকূলীয় অঞ্চলের জন্য জারি করা সুনামি পরামর্শ প্রত্যাহার করা হয়েছে।”
ইউএসজিএস জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর অন্তত ১২টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫.২। এনটিডাব্লিউসি আরও জানায়, সুনামি সতর্কতা কেবল আলাস্কার উপকূলবর্তী অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য ছিল এবং অন্য কোনো এলাকায় এর প্রভাব পড়েনি। স্যান্ড পয়েন্টে সর্বোচ্চ ০.২ ফুট (প্রায় ৬.১ সেন্টিমিটার) উচ্চতার সামান্য সুনামি ঢেউ দেখা গেছে।
যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আলাস্কা প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এর আগেও ১৯৬৪ সালের মার্চে আলাসকায় ৯.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত। সেই ঘটনায় সৃষ্ট সুনামি অ্যাঙ্কোরেজ শহরসহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও হাওয়াই দ্বীপে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়।
সাম্প্রতিক সময়েও, ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যদিও তখন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
