খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম

শ্রোতাদের নতুন সুরের ভেলায় ভাসাতে ফের নতুন মৌলিক গান নিয়ে এলেন উদীয়মান কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। কলকাতার জনপ্রিয় সুরকার ও গায়ক আকাশ সেনের সাথে তাঁর দ্বৈত কণ্ঠে মুক্তি পেয়েছে নতুন গান ‘প্রেমিক ৪২০’।
দুজন জনপ্রিয় শিল্পীর চমৎকার এই মেলোডিয়াস গানটির সুর ও সংগীত আয়োজন পরিচালনা করেছেন অনিম খান। গানের কথা লিখেছেন লিরিসিস্ট মুহাম্মাদ উসমান গণি। গানটির মুক্তির পাশাপাশি ভিজ্যুয়াল প্রেজেন্টেশন হিসেবে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে, যা পরিচালনা করেছেন মাসুম খান। এই মিউজিক ভিডিওটিতে দর্শকরা দুই তরুণ মডেল তুহি শেখ ও রাফার প্রাণবন্ত রসায়ন উপভোগ করতে পারবেন।
গানটি প্রকাশ পাওয়ার পর অত্যন্ত আনন্দিত নিশি শ্রাবণী নিজের অনুভূতি ব্যক্ত করে জানান:
“শ্রোতাদের উদ্দেশ্যে সবসময়ই নতুন কিছু এবং ভালো মানের সৃষ্টি তুলে দেওয়ার তাড়না থাকে আমার। ‘প্রেমিক ৪২০’ গানটির পরিকল্পনা থেকে শুরু করে রেকর্ড—পুরো প্রক্রিয়াতেই আমাদের টিমের চরম নিবেদন ও ভালোবাসা যুক্ত ছিল। আমার বিশ্বাস, গানটি গানপ্রেমী শ্রোতা-দর্শকদের মনে দোলা দেবে।”
নিশি শ্রাবণীকে মূলত সংগীতাঙ্গন চেনে দেশের অন্যতম বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-১’-এর কল্যাণে। সেই আসরে ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘হাওয়া দমে দেখ তারে’-এর মতো কালজয়ী গান গেয়ে প্রতিযোগিতার সেরা পারফর্মার হিসেবে পুরস্কার কুড়ান তিনি।
পরবর্তীতে তাঁর গাওয়া একক ও মৌলিক গান ‘প্রেমে সুনামি’ এবং ‘কলিজা খুইলা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং তরুণদের মাঝে দারুণ প্রশংসিত হয়।
মূলত চুয়াডাঙ্গার মেয়ে নিশি শ্রাবণী ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। কিছুদিন বাঁধাধরা কর্পোরেট চাকরি করলেও গানের প্রতি অদম্য টানে চাকরি ছেড়ে পুরোদমে নিজেকে সংগীতে সঁপে দেন। বর্তমানে গানকেই পেশা হিসেবে নিয়ে নিয়মিত স্টেজ শো, বিভিন্ন টিভি চ্যানেল এবং নতুন নতুন অ্যালবামের রেকর্ড কাজ নিয়ে ব্যস্ত দিন পার করছেন এই শিল্পী।
উল্লেখ্য, ‘প্রেমিক ৪২০’ গানটি ইউটিউব সহ দেশি-বিদেশি সকল প্রধান ডিজিটাল অডিও ও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য