সিডনির নিকটে আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ওয়েডারবার্ন এলাকার বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ে পড়ে থাকা বিধ্বস্ত বিমান থেকে এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, মাঝ আকাশে দুটি ছোট বিমান মুখোমুখি ধাক্কা খেলে একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
দ্য ক্যানবেরা টাইমস জানায়, দুর্ঘটনার পরপরই একটি তদন্তকারী দল ঘটনাস্থলে যায়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) ধ্বংসাবশেষ সংগ্রহ, ক্ষয়ক্ষতির মানচিত্র তৈরি এবং সংঘর্ষের কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রয়োজনীয় যন্ত্রাংশও তারা বিশদ পরীক্ষার জন্য সংগ্রহ করবে।
রবিবার সকাল ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এক পাইলটের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং অপর বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। নিরাপদে নামা বিমানের পাইলট কোনো আঘাত পাননি।
এক বিবৃতিতে এটিএসবি জানায়, দুটি বিমানের মধ্যে একটি নিরাপদে অবতরণ করলেও অন্যটি আছড়ে পড়ে পাইলটের মৃত্যু হয়। ব্যুরো জনগণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
টিএসএন
