প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়িটির সামনে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টার দিকে দুই যুবক এসে বাড়ির মূল গেটের সামনে দাহ্য পদার্থ রেখে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই বিষয়টি পরিবার জানলেও প্রথমে তা গোপন রাখা হয়। তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খবর ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটের দিকে দুই যুবক গেটের সামনে পলিথিনজাতীয় কিছু রেখে আগুন ধরায়। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিজে থেকেই নিভে যায়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাড়িটির নিচতলায় ভাড়াটিয়ারা বসবাস করেন। দোতলায় থাকেন পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামী। ঘটনার সময় তারা সবাই বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, এ ঘটনায় তারা কাউকে সন্দেহ করছেন না এবং কোনো লিখিত অভিযোগও দেননি। পাশাপাশি বিষয়টি যেন গণমাধ্যমে প্রচার না করা হয়, সে অনুরোধও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টিএসএন
