ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ১৪

ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও বেশ কয়েকজনকে উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছেন। এই তথ্য জানিয়েছে দেশটির একজন উদ্ধার কর্মকর্তা।

ঘটনা ঘটেছে সোমবার দুপুরে, যখন শিক্ষার্থীরা জামাতে জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বহুতল মাদ্রাসার একটি অংশ ধসে পড়ে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (BNPB) প্রধান সুহার্যন্তো সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে নয়টি লাশ খুঁজে পান। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে।

সুহার্যন্তো শনিবার সম্প্রচারমাধ্যম Kompas TV-কে বলেন, “আমরা এখনও নিখোঁজ ৪৯ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছি। আরও হতাহতদের পাওয়া যেতে পারে, কারণ ধ্বংসস্তূপ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়েছে।”

তিনি আরও জানান,

“গত রাতে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করার পর আমরা ধ্বংসস্তূপ অপসারণে জোর দিচ্ছি। তাই ধসে পড়া এলাকায় ভারী যন্ত্রপাতি প্রবেশ করানো হচ্ছে।”

ভবনটির আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, মাদ্রাসা ভবন ধসের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছে, তদন্তকারীরা ধসের কারণ অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে এটি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ধ্বংসস্তূপের নিচে কারো বেঁচে থাকার সম্ভাবনা অল্প থাকায়, ৭২ ঘণ্টার ‘সোনালি সময়’ শেষ হওয়ার পর নিখোঁজদের পরিবারের সদস্যরা ভারী যন্ত্রপাতি ব্যবহারের জন্য সম্মত হয়েছেন।

উদ্ধার অভিযান মঙ্গলবার রাতে আঘাত হানা ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়, যার ফলে অনুসন্ধান সাময়িকভাবে বন্ধ থাকে।