গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব নৌযানে বিদেশি মানবাধিকার কর্মী ও ত্রাণসামগ্রী বহন করা হচ্ছিল। আটক হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।
সর্বশেষ আপডেটে আয়োজকরা জানিয়েছেন, এখন শুধুমাত্র একটি নৌযান ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।
মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সেনাদের মাঝে জাহাজের ডেকে বসে আছেন গ্রেটা থানবার্গ, যিনি এই অভিযানের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে অংশ নিয়েছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ শুরু হয়েছে। ইউরোপের ইতালি, গ্রিস, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং তুরস্ক ছাড়াও মালয়েশিয়া, আর্জেন্টিনা ও কলম্বিয়াসহ নানা দেশে প্রতিবাদ হয়েছে। বিশ্ব নেতারাও এ ঘটনায় কঠোর সমালোচনা করেছেন।
- ইতালি: রোম, নেপলস, মিলান ও তুরিনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘স্টপ এভরিথিং’ স্লোগানে বিক্ষোভ তীব্র হলে রোম ও নেপলসে মেট্রো ও রেলস্টেশন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
- গ্রিস: এক সরকারি বিবৃতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন আটক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের জন্য কনস্যুলার সুরক্ষার সব সুযোগ দেওয়া হয়।
