খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম

স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য (এমএসপি) বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে স্কটিশ লেবার পার্টি সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।
বিবিসি বাংলার ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, “সব অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে প্রতিটি অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান বলেন, “লেবার পার্টির অন্য একজন এমএসপিকে কেন সাময়িকভাবে বহিষ্কার করা হলো তা স্পষ্টভাবে জানানো প্রয়োজন।”
স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র্যাচেল হ্যামিল্টন বলেন, “লেবার পার্টির দলের সম্মেলনের আগে এমন অস্থিরতা দলের জন্য সম্পূর্ণ বিশৃঙ্খলার প্রমাণ। ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে লেবারদের যতটা সম্ভব স্বচ্ছ হওয়া উচিত।”
পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, “এসএনপি’র ভাষা গভীরভাবে উদ্বেগজনক।” লিভারপুলে লেবার পার্টির সম্মেলনে তিনি আরও জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে এবং তদন্ত চলাকালীন চৌধুরীকে বহিষ্কৃত রাখা হবে।
মন্তব্য