১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনসহ আরও বহু বিশ্বনেতা। এ অনুষ্ঠানে শি ও পুতিনের মধ্যে হওয়া এক সংলাপ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। তাদের কথোপকথনে উঠে এসেছে অঙ্গ প্রতিস্থাপন, দীর্ঘায়ু এবং অমরত্বের সম্ভাবনা, যা সরাসরি সম্প্রচারের মাইক্রোফোনে ধরা পড়ে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত কুচকাওয়াজ চলাকালে এ ঘটনাটি ঘটে। শি ও পুতিন যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন তাদের কথোপকথন সম্প্রচারিত হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে।

সিসিটিভির সম্প্রচারিত ভিডিওতে পুতিনের দোভাষীকে শোনা যায় বলতে: “বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে… মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন, তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।”

এরপর শি জিনপিংকে জবাব দিতে শোনা যায়: “এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে—এমনও ভবিষ্যদ্বাণী করেন কেউ কেউ।”

 

শি’র এই মন্তব্যে তার পাশেই দাঁড়িয়ে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায়। তবে তার জন্য মন্তব্যটি অনুবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

 

পরে সাংবাদিকদের কাছে পুতিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের আলোচনায় আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি, অঙ্গ প্রতিস্থাপন এবং অন্যান্য উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা হয়েছিল। তার মতে, এই ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি মানবজাতিকে দীর্ঘায়ু এবং সক্রিয় জীবনের নতুন আশার দ্বার উন্মোচন করছে।