সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুবাইদা প্রদেশে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়েছে। গত সপ্তাহের শেষদিকে শুরু হওয়া এই সংঘর্ষে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সংস্থাটির বরাতে বৃহস্পতিবার এএফপি জানায়, রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতদের মধ্যে ৭৯ জন দ্রুজ যোদ্ধা এবং ৫৫ জন বেসামরিক মানুষ রয়েছেন। নিহত সাধারণ মানুষের মধ্যে অন্তত ২৭ জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ, যার জন্য দায়ী করা হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সদস্যদের।
সংঘর্ষে সিরীয় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১৮৯ জন সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে হাসান আল-যাবি নামের একজন মিডিয়া কর্মীরও মৃত্যু হয়েছে।
সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ‘অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর’ গুলিতে নিহত হন। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অবজারভেটরি আরও জানায়, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনীর চালানো এক হামলায় অতিরিক্ত ১৫ জন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সদস্য নিহত হয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থাটি সিরিয়ার অভ্যন্তরে নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে সংঘর্ষ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে।
