সিডনির উপকূলে দড়িতে জড়িয়ে পড়া তিমি উদ্ধারে অভিযান

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সিডনির কাছে দড়িতে জড়িয়ে পড়েছে একটি বিপন্ন কুঁজওয়ালা তিমি। সোমবার তিমিটি দড়ি বয়ে নিয়েই সাঁতার কাটতে দেখা গেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা তিমিটিকে খুঁজে বের করে মুক্ত করতে অভিযান চালাচ্ছেন।

এএফপি জানায়, আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, তিমিটি সিডনি হারবারের দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে এবং একটি ভাসমান বয়ার সঙ্গে লাগানো দড়ি টেনে নিয়ে যাচ্ছে।

ওআরআরসিএ নামে একটি তিমি উদ্ধার সংস্থার সদস্য পিপ জ্যাকবস জানান, দড়ির কারণে তিমিটির ডুব দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং এতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে। তিমিটি এখন বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

জ্যাকবস আরও জানান, প্রায় ৮ মিটার (২৫ ফুট) দৈর্ঘ্যের এই তিমিটি সম্ভবত বয়সে তরুণ। তার বাঁ পাখনায় দড়ি পেঁচিয়ে আছে, ফলে চলাফেরায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘তিমিটি দক্ষিণ দিকে যাচ্ছে, যা এই সময়ে অস্বাভাবিক। কারণ অভিবাসনের মৌসুমে সাধারণত তারা উত্তরের দিকে পাড়ি জমায়।’

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবক দল উপকূল ধরে তিমিটির অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে খারাপ আবহাওয়া, উচ্চ ঢেউ আর প্রবল বাতাস উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করছে।

পিপ জ্যাকবস জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকলে এবং তিমিটিকে শনাক্ত করা সম্ভব হলে প্রথম কাজ হবে নিরাপদে দড়ি খুলে দেওয়া।’

তিনি সতর্ক করে বলেন, ‘শরীরে কোনো কিছু বয়ে বেড়ালে তা তিমির চলাফেরায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এমনকি এটি তিমির খাদ্য গ্রহণ ও সাঁতারেও সমস্যা সৃষ্টি করতে পারে, যা মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।’