কান চলচ্চিত্র উৎসবে গাজায় গণহত্যার নিন্দা জানালেন হলিউড তারকারা

চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ ফ্রেঞ্চ রিভেরার নীল সমুদ্রের পাড়ে। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা।

এএফপির খবরে জানানো হয়, এই প্রতিবাদপত্রে স্বাক্ষর করেছেন ‘শিন্ডলার্স লিস্ট’খ্যাত অভিনেতা রেফ ফাইন্স, হলিউড তারকা রিচার্ড গিয়ার, সুসান সারেনডন, মার্ক রাফালো, স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার, অস্কারজয়ী পরিচালক জোনাথন গ্লেজার, স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ বহু তারকা।

কান চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের প্রধান, ফ্রান্সের অভিনেত্রী জুলিয়েট বিনোশের নামও চিঠিতে থাকলেও তার মুখপাত্র জানিয়েছেন, তিনি এ চিঠির সঙ্গে নিজের সমর্থন দেননি। ফরাসি সংবাদপত্র লিবেরাসিয়ঁ-ও তার নাম প্রকাশ করেনি।

মঙ্গলবার, উৎসবের উদ্বোধনের দিনই লিবেরাসিয়ঁ এবং মার্কিন সাময়িকী ভ্যারাইটি-তে প্রকাশিত হয় খোলা চিঠিটি। সেখানে বলা হয়েছে, ‘গাজায় গণহত্যা চলছে, আমরা আর নীরব থাকতে পারি না।’

এ চিঠিতে স্বাক্ষরকারীরা বিশেষভাবে ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসুনার হত্যার নিন্দা জানান। ২৫ বছর বয়সী হাসুনাকে নিয়ে নির্মিত ইরানি নির্মাতা সেপিদেহ ফারসির প্রামাণ্যচিত্র পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক এবারের উৎসবে প্রদর্শিত হবে। নির্মাতা ফারসি আহ্বান জানিয়েছেন, গাজায় চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে কান উৎসব কর্তৃপক্ষ যেন স্পষ্ট অবস্থান নেয়।

এ বছর কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি লিভ ওয়ান ডে, পরিচালনায় অ্যামেলি বোনাঁ। একই রাতে হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরোকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম।

রাজনৈতিক বার্তা ও সামাজিক আন্দোলনের চেতনায় এবার কান উৎসবের আলোকছটা ভিন্ন রঙের। উদ্বোধনী দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে দুটি প্রামাণ্যচিত্র এবং যুদ্ধক্ষেত্রে ধারণকৃত একটি পূর্ণদৈর্ঘ্য ছবি।

গাজা যুদ্ধ নিয়ে বিশেষ কোনো আয়োজনের কথা প্রকাশ না হলেও, হাসুনাকে ঘিরে নির্মিত প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হবে ‘তার স্মৃতির প্রতি শ্রদ্ধা’ জানিয়ে। এছাড়া ২০০৭ সালের গাজা নিয়ে নির্মিত আরব ও তারজান নাসারের একটি কল্পকাহিনীচিত্র সেকেন্ডারি বিভাগে দেখানো হবে।

এদিকে, এ বছর রেড কার্পেটে নগ্নভাবে হাজির হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। অন্যদিকে টম ক্রুজও ফিরছেন তার বহুল আলোচিত মিশন ইম্পসিবল সিরিজের শেষ পর্বের প্রিমিয়ারে।

উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।