ইউক্রেনের যুদ্ধ থামাতে রোববার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। এ সময়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে চাপ দিয়ে ইউক্রেনের যুদ্ধ থামাতে হবে।
এএফপি কিয়েভ থেকে এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভাষণে জেলেনস্কি বলেন, “আমরা যে আলোচনা করলাম, তার পরও পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে চাপ দেওয়া প্রয়োজন। যিনি এই যুদ্ধ শুরু করেছেন, তাকে অবশ্যই এটিকে থামাতে হবে।”
রোববার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠক করেছে। এর আগে, ওয়াশিংটন জানিয়েছিল যে বৈঠকে কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হবে।
এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সোমবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিরা আলোচনা করবেন।
এদিকে, পুতিন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাবে তিনি শুধু জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন। এর আগেও উভয় পক্ষ একাধিক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।
জেলেনস্কি আরও বলেন, “এটা এখন স্পষ্ট যে, এই যুদ্ধকে এত দূর নিয়ে গেছে রাশিয়া। ১১ মার্চ থেকে আমরা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, যদি এটি মেনে নেওয়া হতো, তবে এই ধরনের হামলা বন্ধ হয়ে যেত। কিন্তু রাশিয়া তা চালিয়ে যাচ্ছে, প্রতিদিন এবং প্রতিটি রাতে তারা হামলা চালাচ্ছে।”
তিনি আরো বলেন, “রাশিয়ার ওপর যথাযথ চাপ না দিলে, মস্কো কূটনীতি অবজ্ঞা করবে এবং প্রাণহানির ঘটনা চলতেই থাকবে।”
