পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে তিনজন স্থানীয় নাপিত নিহত হয়েছেন। পুলিশ সোমবার এ তথ্য জানায়। এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ নাপিতকে গুলি করে হত্যা
কোয়েটা থেকে এএফপি জানিয়েছে, বেলুচিস্তানে অন্যান্য অঞ্চল থেকে আসা শ্রমিকদের ওপর হামলা বৃদ্ধি পাচ্ছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশে, জঙ্গিরা নাপিতদেরকে সামরিক বাহিনীর গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে একের পর এক হামলা চালাচ্ছে।
পাঞ্জগুর জেলার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ জায়িদ এএফপিকে জানান, ‘তিনজন সিন্ধি নাপিত প্রাণ হারিয়েছেন।’
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মোটরবাইকে আসা বন্দুকধারীরা সেলুনে ঢুকে গুলি চালায়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় গোষ্ঠী এবং তারা বহিরাগতদের বিরুদ্ধে সমৃদ্ধ সম্পদ শোষণের অভিযোগে আন্দোলন করছে।
