রাশিয়ার হামলায় পূর্ব ইউক্রেনে অন্তত ১২ জন নিহত

পূর্ব ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় শনিবার সকাল পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

 

রাশিয়ার হামলায় পূর্ব ইউক্রেনে অন্তত ১২ জন নিহত

 

এদিকে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসন্ন সপ্তাহে সৌদি আরবে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা করছেন। তবে এর মধ্যেই শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালায়

ইউক্রেনের জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার হামলায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, শনিবার ভোরে বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে সমালোচনার পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে মার্কিন সহায়তা স্থগিত করেছেন

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখেন

ট্রাম্প বলেন, “ইউক্রেনের সঙ্গে চুক্তি করা আমার কাছে আরও কঠিন মনে হচ্ছে, কারণ তাদের হাতে তেমন কোনো সুবিধাজনক কার্ড নেই। তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করা হয়তো সহজ হতে পারে।”

রাশিয়ার সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, “রাশিয়া এখন ইউক্রেনের ওপর নিষ্পেষণ চালাচ্ছে। এই বাস্তবতা মাথায় রেখে আমি রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, যতক্ষণ না যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি সম্পাদিত হয়।”

তিনি “দেরি হয়ে যাওয়ার আগেই” রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনে কথা বলেছেন

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও তিন বছর ধরে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ট্রাম্পের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করেন

তিনি আরও বলেন, “সমস্ত পক্ষকে একটি টেকসই শান্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”