সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবানন ও সিরিয়ার নেতাদের প্রতিশ্রুতি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কায়রোতে আরব শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হয়ে দুই দেশের সংযুক্ত সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে একমত হয়েছেন।

 

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবানন ও সিরিয়ার নেতাদের প্রতিশ্রুতি

 

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ‘দুই নেতা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং সীমান্ত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’

এর আগে ফেব্রুয়ারিতে তারা ফোনে কথা বললেও, মঙ্গলবার ছিল তাদের প্রথম সরাসরি বৈঠক। সিরিয়া ও লেবাননের মধ্যে ৩৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিছু অংশ অরক্ষিত থাকায় এটি চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে।

সিরিয়া ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার ইতিহাস রয়েছে। গত ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়।

লেবাননে দুই বছর শূন্য থাকার পর গত ৯ জানুয়ারির নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জোসেফ আউন নির্বাচিত হন। এদিকে, সিরিয়ার নতুন সরকার গত মাসে সীমান্তবর্তী হোমস প্রদেশে একটি নিরাপত্তা অভিযান চালানোর ঘোষণা দেয়, যার লক্ষ্য অস্ত্র ও পণ্য চোরাচালানের পথ বন্ধ করা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, নিরাপত্তা অভিযান মূলত হিজবুল্লাহ-সংশ্লিষ্ট মাদক চোরাচালানকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। সিরিয়া হিজবুল্লাহকে সীমান্তে সহিংসতার জন্য দায়ী করছে এবং বলছে, এই গোষ্ঠী আন্তঃসীমান্ত চোরাচালানকারীদের পৃষ্ঠপোষকতা করছে।