ইসরাইলি সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র বোঝাই প্রথম মার্কিন বিমানটি বুধবার ভোররাতে ইসরাইলে পৌঁছেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রেস সার্ভিস (আইডিএফ) এ কথা জানিয়েছে।
প্রথম মার্কিন বিমান অস্ত্রসহ ইসরাইল পৌঁছেছে
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘মার্কিন যুদ্ধাস্ত্র বোঝাই প্রথম বিমানটি ইসরাইলে অবতরণ করেছে। উন্নত গোলাবারুদসহ বিমানটি আজ রাতে নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। অস্ত্রগুলো উল্লেখযোগ্য হামলা চালানো এবং বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য পাঠানো হয়েছে।’

ইসরাইলি সামরিক বাহিনী তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪,৫০০ জনেরও বেশি আহত এবং ১,০০০ ইসরাইলি নিহত এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়েছে।
হামাস বলেছে, জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরাইল যুদ্ধ এবং গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছে। পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং লেবাননের সাথে সীমান্তে আর্টিলারি গোলা বিনিময় হয়েছে।